হাসে ছিন্ন শির

Updated: Sep 30, 2021
নিহত কবির জন্য একটি কবিতা
স্বপ্নকে কেউ কেউ বেচতে শেখে না। বুকের আগুন জ্বেলে
রাত জেগে পড়ে আর লেখে ইতিহাস। শহিদেরা চোখ মেলে
চেয়ে থাকে তার দিকে। শপথের মন্ত্র পড়ে স্তব্ধতার নীল শব্দমালা
তুমিও তো নতজানু সময়ের কাছে আর স্বদেশের কাছে আর
প্রাণপ্রিয় মানুষের লড়াইয়ের কাছে অনুক্ষণ। রক্ত-ঋণ শোধের পালায়
তুমি ছিলে স্পর্ধালোকে; শত্রুর চোখের দিকে চোখ রেখে শান্তচিত্ততার
অনুচ্চার শব্দে বলেছিলে —তোমার বুকের মাঝে অথবা মননে
ভয়ের চিহ্নটুকু নেই। আপসের ভূমিটুকু নেই। খাণ্ডব দহনে
এতটুকু টলেনি মৃত্তিকা। তোমার সঙ্গী এক বিভ্রমের ঘনঘোর ছায়া
তোমাকেই দিয়েছিল নির্বিচার কালের গরল! স্বপ্নময় রাতের আকাশে
অসংখ্য শহিদের সাথে তুমি আজো কথা বলো, দেখো চেয়ে ময়দানের ঘাসে
রক্ত আর শপথের জমাট পাথরের দিকে চোখ মেলে বেলাজ বেহায়া
পুলিশের ক্রূর চোখ রক্তের তৃষ্ণা-মাখা স্থির।
পঞ্চাশবছর পরে ময়দানে ঝড় তুলে উচ্চরবে হাসে ছিন্ন শির…



Comments