একটি হত্যার পঞ্চাশ বছর

Updated: Sep 30, 2021
নিহত কবির জন্য একটি কবিতা
অধিকাংশই অনুদানভােজী হয়ে
চরণকমলে নিয়মমাফিক কুর্নিশ ঠুকেছিলাে
কিছু উঁচুমাথা পােষমানা দিনে অভিযানে ঝুঁকেছিলাে
রক্তজমাট কালসিটে সঞ্চয়ে!
অধিকাংশই সন্তুষ্টির মােহে
রাজদরবারে আনুগত্যের দস্তুর শিখেছিলাে
কিছু বেপরােয়া ভাঙা পাঁজরের ইতিহাস লিখেছিলাে
কাঁপন ধরানাে অসন্তোষের দ্রোহে!
অধিকাংশই হিসেবের কড়ি খুঁজে
অস্থিমজ্জা বিকিয়ে দেবার উপহার পেয়েছিলাে
কিছু উদ্ধত ফরমান হাতে মালিকানা চেয়েছিলাে
ঝরানাে ঘামের পাওনাগন্ডা বুঝে!
অধিকাংশই জয়গাথা জড়াে করে
সব মতবাদ রাজার যজ্ঞে উপচার রেখেছিলাে
কিছু চার্বাক সেই আগুনেই শিরদাঁড়া সেঁকেছিলাে
শিলালিপি লিখে পদাতিক অক্ষরে!
সে বর্ণমালা পেয়েছিলাে প্রতিদান
পাখীডাকা ভােরে ঘাতকের ছোড়া বুলেটের তাজা গুলি
কেড়ে নিয়েছিলাে ঘিলুর সাহস, খুলে নিয়েছিলাে খুলি
গরম রক্তে ভেসেছিলাে ময়দান!
সে রক্তধারা সময় সরণী ধরে
পাঁচ দশকের পরিক্রমায় আরাে ঘন গাঢ় লাল
খুঁজে যায় আজও ধমনী শিরায় অন্য আগামীকাল
শিরােনাম হয়ে বিস্তৃত চরাচরে!


Comments