অস্ত্রের দখল নাও

Updated: Sep 30, 2021
নিহত কবির জন্য একটি কবিতা
একজন মানুষকে খুন করার জন্য
একটি বুলেটই যথেষ্ট, কিন্তু
একটি পবিত্র স্বপ্নের কবিতা?
পৃথিবীর কোনও রাষ্ট্র কি পেরেছে তাদের খুন করতে?
প্রতিদিনের মতো ৫অগাষ্ট
আজও সূর্য ওঠে,
ময়দানের ঘাসে লেপ্টে থাকা
কবির রক্ত ধুয়ে দেয় বর্ষার জল,
তবু মানচিত্র থেকে মানচিত্রে
ছড়িয়ে যায় কবির রক্ত_
কোনও এক অন্ধকার ভোর ভেঙে সকালের সূর্য প্রত্যক্ষ
করেছিল, কলকাতার ময়দানে
গোপন হত্যাকাণ্ডে ঘটা এক
কবি ও সাংবাদিকের বুলেটবিদ্ধ লাশ!
তখন ভোরের প্রথম ট্রাম
গুমটির জড়তা ভেঙে
বের হয়েছিল কিনা জানা নেই
ফুটপাতের চা দোকানে
কয়লার উনুনে আঁচ পড়েছিল কিনা জানা নেই...
কেবল জানা আছে
একটি হত্যাকাণ্ড শেষে
গণতন্ত্র তখন
নিশ্চিন্ত বিশ্রামে গিয়েছিল
গণতান্ত্রিক মতে আমারও একটি ভোট আছে জেনে
আপ্লুত আমি আহ্লাদে
ভোটের লাইনে দাঁড়াই _
তখন আমার গণতান্ত্রিক
অধিকার জুড়ে
সার সার কবিদের মৃতদেহ
আমি খুঁজি তার মধ্যে কি
আমারও মৃতদেহ আছে!
আমার মধ্যবিত্ত শান্তি ঘেঁসে
উড়ে যায় একঝাঁক কাক_
আমার গণতান্ত্রিক অধিকার ঘিরে তাক করে থাকে
অসংখ্য রাষ্ট্রিয় রাইফেল
অচেনা শহিদবেদী
চিৎকার করে বলে,
সামনে সাক্ষাৎ মৃত্যু
অস্ত্রের দখল নাও...



Comments