অমরত্ব, কমরেড সরোজ দত্ত

Updated: Sep 30, 2021
নিহত কবির জন্য একটি কবিতা
"কোনো কোনো মৃত্যু তাই পাহাড়ের চেয়েও ভারী"
- মাও সে তুং
কাঠের চেয়ারে বসা একজন মানুষ,
হাতে গোঁজা কলম।
কোমরে কি বন্দুকও গোঁজা ছিল ?
দিগন্তের দুই প্রান্ত জ্বলে পুড়ে যায় রোদে,
আকাশ কিন্তু নিস্তরঙ্গ বর্ণহীন।
সামনে দেশব্রতী'র সংশোধনী কাগজ
ইতস্তত এলোমেলো ছড়িয়ে থাকে পৃথিবী।
পৃথিবীর মানুষ, ভালোবাসার মানুষ,
বর্ণমালার সবকটি বর্ণ দিয়ে শুরু গাঁ-গঞ্জে
অনেক মানুষ, তারা কিছু খায়নি
অনেকদিন কিছু খায়নি।
হাতে কলম গোঁজা মানুষটা কবি।
তার প্রেম ক্রমশ কঠিন হয়ে ওঠে।
তাঁর বুকের প্রেমের আগুন
সেই আগুন দিনে দিনে তাকে আগুন করে তোলে।
নদীর সঙ্গে পাহাড়ের সঙ্গে
জঙ্গলের সঙ্গে তার ভাব হয়ে যায়
বন্যার সঙ্গে, দাবানলের সঙ্গে
তাঁর পাহাড়ের মতন ভাব হয়ে যায়।
কমরেড সরোজ দত্ত, কবি সরোজ দত্ত।
আগ্নেয় দিনে বিপ্লবের সমার্থক হয়ে যান।
স্বদেশ তখন বধ্যভূমি।
যখন স্বদেশ কবির রক্ত চায়
আকাশ কালো হয়ে আসে ময়দানে
তখন প্রেম ও ঘৃণায় পুড়ে
আগুন হয়ে ওঠা কবি
ও তাঁর রাজনীতি, অমর হয়ে যায়।
কমরেড সরোজ দত্তর শাহাদাত
আর আমাদের প্রতিরোধের ভাষা।
পঞ্চাশ বসন্তের বজ্র নির্ঘোষ হয়ে
এখনও কোথাও জেগে থাকে।


Comments